হরিপুর সীমান্তে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬, 11:29 AM
ডেস্ক রিপোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬, 11:29 AM
হরিপুর সীমান্তে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ধারাবাহিকভাবে এসব অভিযান চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১২টা ২৫ মিনিটে চাপসার বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৭/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।