ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর, ২০২৬, 6:53 PM
আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর, ২০২৬, 6:53 PM
ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত
সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফেরাতে নির্ধারিত বিশেষ ফ্লাইট বাতিল করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা এল আল। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
শুক্রবারের উদ্ধার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়ে এল আল জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে দুবাইয়ে ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর অবতরণের অনুমোদন বাতিলের বিষয়টি তাদের জানানো হয়েছে। এ কারণে শুক্রবারের নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করতে হয়েছে।
তবে সরকারি অনুমোদন পাওয়া মাত্রই ইসরায়েলি নাগরিকদের দেশে ফেরাতে দুবাইয়ে চার্টার ফ্লাইট পরিচালনার জন্য তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এল আল।
আগামী রোববার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবারের নির্ধারিত ফ্লাইটগুলো আপাতত তালিকায় রয়েছে। তবে এসব ফ্লাইটের সব আসন ইতোমধ্যে বুক হয়ে গেছে।
কেন অবতরণের অনুমতি বাতিল করা হয়েছে, সে বিষয়ে এল আল কোনো ব্যাখ্যা দেয়নি। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
ইসরায়েলের চ্যানেল সেভেন জানিয়েছে, শেষ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত উদ্ধার ফ্লাইটগুলোর অবতরণের অনুমতি বাতিল করার পর এল আল শুক্রবারের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।
এর আগে দুবাইয়ে আটকে পড়া ইসরায়েলিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলো। বুধবার দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটের ঘটনার পর ফ্লাইদুবাই তাদের পরিষেবা স্থগিত করেছিল।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ওই ঘটনার সময় ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলট উড়োজাহাজের পাইলটকে ছুরিকাঘাত করেন এবং উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। পরে যাত্রী ও ক্রুরা তাকে নিয়ন্ত্রণে আনেন।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাভাবিকীকরণ চুক্তির মাধ্যমে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।